ফিফা বিশ্বকাপের ফাইনালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচটির নিরাপত্তা নিশ্চিত করতে আকাশে নিয়মিত টহল দেবে এফ-১৬ যুদ্ধবিমান। এছাড়া স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন সামরিক প্রশিক্ষিত স্নাইপাররা এবং মাঠের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে হাজারো এফবিআই এজেন্ট।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, এই আয়োজনকে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণিবিন্যাস। তার মতে, এই নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কিংবা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সমপর্যায়ের এবং এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন। নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তা করতে বহু ফেডারেল সংস্থাকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।
কড়া নিরাপত্তার কারণে দর্শকদের মাঠে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে উপস্থিত থাকার পরামর্শ দেয়া হয়েছে। গত দুই বছর ধরে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিসের বলয় আরও জোরদার করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্পের উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখা, সবচেয়ে নিরাপদ এবং সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে। ধারণা করা হচ্ছে, ম্যাচ শেষে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।
নিরাপত্তার বিষয়ে উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ফাইনাল উপলক্ষে নিউ ইয়র্ক ও নিউ জার্সির আকাশে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা হয়েছে। এর আগে শুক্রবার আকাশসীমা নিষেধাজ্ঞা অমান্য করে একটি ছোট বেসামরিক বিমান প্রবেশ করলে এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দেয়। এছাড়া টুর্নামেন্ট চলাকালে নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা শত শত ড্রোন জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদান অনুমোদন করেছিলেন। রোববারের এই ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে, যা বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে।
জুলিয়ানি বলেন, এ কারণেই প্রেসিডেন্ট ৬২ কোটি ৫০ লাখ ডলারের (প্রায় ৪৬ কোটি ৫০ লাখ পাউন্ড) ফেডারেল নিরাপত্তা অনুদানে অনুমোদন দিয়েছেন। সৌভাগ্যক্রমে টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শেষ ম্যাচটিও আমরা নিরাপদ রাখতে চাই।