দেশের উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যা ৭টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এক বিশেষ পুষ্টি সেমিনারের আয়োজন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং ‘দি কিউব ইনস্টিটিউট’ (The CUBE Institute)-এর পরিচালনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ প্রায় ৫৫০ জন তরুণ অ্যাথলেট এই সেমিনারে অংশ নেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে পুষ্টিবিদ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান, এম.ফিল তরুণ খেলোয়াড়দের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারে কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের স্ট্যামিনা ও পারফরম্যান্স বৃদ্ধির কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এর পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস, স্পোর্টস নিউট্রিশন, সঠিক হাইড্রেশন, অনুশীলনের আগে ও পরের খাদ্য নির্বাচন, রিকভারি নিউট্রিশন এবং চোট প্রতিরোধের উপায়গুলো নিয়ে বৈজ্ঞানিক ও তাত্ত্বিক নির্দেশনা দেওয়া হবে। মূলত ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম এমন দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।