বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ই-পাসপোর্টের বুকলেটের জলছাপেও আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান নকশাটি পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন এই নকশায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর স্মারক হিসেবে রংপুরে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে। এছাড়া দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরতে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, দোয়েল, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ষাটগম্বুজ মসজিদ, কান্তজিউ মন্দির, টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, ইলিশ, কাঁঠাল, পাট, চা-বাগান, বায়তুল মোকাররম এবং হলি রোজারি চার্চের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনার জলছাপ যুক্ত করা হয়েছে।
তবে আগের নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধসহ বেশ কিছু জলছাপ বাদ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২০২০ সালে যখন ই-পাসপোর্ট চালু করা হয়, তখন পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি সরিয়ে ফেলা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি জোরালো হয়। সেই দাবির প্রেক্ষিতে নতুন সরকারি আদেশের মাধ্যমে পাসপোর্ট বুকলেটে আবারো এই শব্দবন্ধটি যুক্ত করা হলো।