শুনে অবাক লাগলেও এটি সত্যি যে, লেখালেখির অভ্যাস মানসিক স্বাস্থ্যের ব্যাপক উন্নতি ঘটাতে পারে। নিয়মিত লেখার ফলে মনোযোগ অন্তর্মুখী হয়, যা মননশীলতাকে উজ্জীবিত করে। এর মাধ্যমে নিজের অনুভূতি, মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়। আত্মসচেতনতার বিভিন্ন মানসিক পদ্ধতি রয়েছে, যার মধ্যে লেখালেখি অন্যতম। এটি আত্মবিশ্বাস বাড়িয়ে চিন্তাভাবনাকে ইতিবাচক রাখে, অন্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এছাড়া লেখালেখি সৃজনশীলতার পথ সুগম করার পাশাপাশি নিজের মেধা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আত্মসচেতনতা বৃদ্ধির জন্য মূলত তিন ধরনের লিখন শৈলী অনুসরণ করা প্রয়োজন। প্রথমত, বর্ণনামূলক ও অভিব্যক্তিপূর্ণ লেখা, যেখানে কোনো দুঃখ, আঘাত বা কঠিন অভিজ্ঞতার বর্ণনা দেওয়া হয়। এই ধরনের লেখা বিষণ্নতা, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে। দ্বিতীয়ত, চিন্তাশীল লেখা, যার মাধ্যমে অতীতের কোনো অভিজ্ঞতার সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ করা হয়। এটি আত্মসমালোচনা ও ব্যক্তিগত বিকাশে সাহায্য করার পাশাপাশি শক্তিশালী সম্পর্ক নির্মাণে ভূমিকা রাখে। তৃতীয়ত, সৃজনশীল লেখা, যা নিজের ভাবনা, অনুভূতি ও বিশ্বাসকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করে। গভীর উপলব্ধির মাধ্যমে জটিল ধারণা প্রকাশের জন্য সতর্ক শব্দ চয়ন এবং দৃশ্যপট বর্ণনা করা আত্মমর্যাদা ও আত্মসচেতনতা বৃদ্ধিতে সহায়ক।