হরমুজ প্রণালিতে বিস্ফোরণের পরবর্তী সময়ে অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আইআরজিসি দাবি করেছে, এই দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নিয়েছে।
আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, নাবিকদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেওয়া তথাকথিত ‘ভুল তথ্য’ যেন তারা বিশ্বাস না করে। একইসঙ্গে আইআরজিসির পক্ষ থেকে চিহ্নিত বিপজ্জনক রুটগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের সমালোচনা করে আইআরজিসি আরও দাবি করে, যতক্ষণ পর্যন্ত হরমুজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপতৎপরতা অব্যাহত থাকবে, ততক্ষণ এই প্রণালি বন্ধ রাখা হবে। তাদের ভাষ্যমতে, এই অবস্থা বজায় থাকলে অঞ্চলটি থেকে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা সম্ভব হবে না।
তবে ট্যাংকার দুটিতে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কিংবা নাবিকদের হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আইআরজিসির এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অন্য কোনো আন্তর্জাতিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।