গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২টি শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৭৯৭টি শিশু মারা গেছে।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১৩০টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৮৭৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছে। এই সময়ের ব্যবধানে ১ হাজার ২১৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন। এ পর্যন্ত সর্বমোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।