ডেঙ্গু মোকাবিলায় বড় ধরনের সাফল্য হিসেবে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ নামক টিকাটি বাজারজাতকরণের জন্য দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিয়েছে।
অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। কিউডেঙ্গা টিকাটি ডেঙ্গু ভাইরাসের চারটি ভিন্ন সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা প্রদানে সক্ষম বলে জানানো হয়েছে। এটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে প্রয়োগ করতে হবে। তবে টিকাটির দাম কত হবে, সে বিষয়ে তাকেদা কর্তৃপক্ষ এখনো কোনো ঘোষণা দেয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বর্তমানে ডেঙ্গু ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১০ থেকে ৪০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়। এর মধ্যে বৈশ্বিক সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ভারতে ঘটে। বিশ্বের অন্যতম ডেঙ্গুপ্রবণ দেশ হিসেবে পরিচিত ভারতে এই টিকার অনুমোদনকে জনস্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।