প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় প্রায় ১৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ৯টি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি ৭ লাখ টাকা।
প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন ও দুটি সংশোধিত। এছাড়া ভৌত অবকাঠামো এবং আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত প্রকল্প রয়েছে। শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্পের মধ্যে একটি নতুন ও অন্যটি সংশোধিত।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা রক্ষা প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের প্রকল্পের মধ্যে রয়েছে বৃহত্তর দিনাজপুর জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প এবং পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (প্রথম সংশোধন)। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত) এবং সেতু বিভাগের ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পও সভায় উঠছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং দুটি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন প্রকল্প, বিদ্যুৎ বিভাগের সিলেট বিভাগীয় বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধন) এবং স্বাস্থ্যসেবা বিভাগের মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও উন্নয়নের প্রস্তাবিত সংশোধিত প্রকল্প সভায় অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া সভায় ১১টি প্রকল্প একনেক সদস্যদের অবহিত করার জন্য তোলা হয়। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন (দ্বিতীয় সংশোধিত), বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন (দ্বিতীয় সংশোধিত) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের মতো প্রকল্প রয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তিনটি প্রকল্পসহ বিদ্যুৎ, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আরও কয়েকটি প্রকল্প অবহিতকরণ তালিকায় রয়েছে।