দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট আগামী দুই দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এলএনজির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের এক জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে ত্রুটি মেরামতের কাজ চলছে। আগামী দুই দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে যে সংকট দেখা দিয়েছে, তা অত্যন্ত সাময়িক এবং দ্রুতই এটি কেটে যাবে।
মনির হোসেন চৌধুরী জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে মূলত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলেই সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের কিছুটা দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
দেশের সার্বিক গ্যাস পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা রয়েছে ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে দৈনিক সরবরাহ করা সম্ভব হচ্ছে ২ হাজার ১৭০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে দীর্ঘদিন ধরেই গ্যাস সরবরাহে কিছুটা ঘাটতি রয়ে গেছে। তাছাড়া দীর্ঘ সময় ধরে দেশে গ্যাস অনুসন্ধানের কাজে তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে গতিশীল করার জোর চেষ্টা চালানো হচ্ছে।