সিরিয়ার রাজধানী দামেস্কগামী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কের আল-সুখনাহ ও প্রাচীন শহর পালমিরার মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়ার সাথে রাজধানী দামেস্কের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে পরিচিত।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আক্রান্ত বাসের মধ্যে একটিতে সাধারণ যাত্রীরা ছিলেন এবং অন্য বাসটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হোমস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থার ওপরও। এ কারণে দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর আগে গত বছরের অক্টোবর মাসে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।