চলতি বছরের আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। রবিবার (২৬ জুলাই) সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী আগস্টের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে প্রথমে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপনটি আসলে কোথায় আটকে আছে? তিনি আশা প্রকাশ করেন যে, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের কর্মদক্ষতা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সব সময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী উল্লেখ করে আশিকুল ইসলাম বলেন, সে কারণেই প্রথমে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে পরবর্তী করণীয় নির্ধারণ করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।