বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে মোট ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।
রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এই সময়ের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক তথ্যে দেখা গেছে, জুলাই মাসের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার। এর পরেই দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। তালিকার তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার।