বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটিতে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার সফলতায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে দেশটি সম্মত হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদনেও বিষয়টি প্রকাশ পেয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারাবাহিক আলোচনার মাধ্যমেই তারা এখন বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের স্পর্শকাতর বিষয় অত্যন্ত সতর্ক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এগিয়ে নেওয়া সম্ভব।
এর আগে অনেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তুললেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, মিয়ানমার আগে তাদের গ্রহণে রাজি ছিল না বলেই মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের নির্ধারিত স্থানে রাখা হয়েছিল।
একই সঙ্গে মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি কোনোভাবেই যেন জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে বলেছেন। এ বিষয়ে তিনি দেশটির পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোনো রোহিঙ্গা শরণার্থী যদি জনসমাগমস্থল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০: ২৫আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০০: ৩৯