বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভারতের কাছ থেকে আরও বেশি পরিমাণ ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ডিজেল পাইপলাইন রয়েছে, যার মাধ্যমে নিয়মিত জ্বালানি আমদানি করা হয়। সেই পাইপলাইনের মাধ্যমেই অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতকে আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে মন্ত্রী ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ শুরু হবে। গ্যাস সঞ্চালন শুরু হলে গ্যাসের চাপ ধীরে ধীরে বাড়বে এবং চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া ও লোডশেডিংয়ের বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে গ্রাহক ও বিদ্যুৎকেন্দ্র উভয় জায়গাতেই সমস্যা তৈরি হয়। বর্তমানে যেসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি জানান, গ্রাহকদের বিল নিয়ে আসার জন্য বলা হলেও অনেক সময় তারা তা করছেন না।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জ্বালানি মন্ত্রী বলেন, এটি ছিল একটি নিয়মিত বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তবে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বিষয়টি আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।