বাংলাদেশের সংগীতাঙ্গনের বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী আবারও ফিরে যাচ্ছেন তার পুরনো দিনের সেই সিডির যুগে। তিনি তার নতুন ছয়টি মৌলিক গানের সমন্বয়ে একটি ডিজিটাল সিডি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন, যার নাম রাখা হয়েছে ‘এ শহরের গান’।
এই গুণী শিল্পী জানিয়েছেন, শুধু সিডি নয়, গানগুলো ‘গান জানালা’ নামের ইউটিউব চ্যানেলেও শ্রোতারা শুনতে পাবেন। গানগুলোর গীতিকার গোলাম মোরশেদ। সুরকার হিসেবে কাজ করেছেন শামস সুমন, লাবু রহমান, তমাল ও সজীব দাস। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন এবং বাকি তিনটি গানের সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস।
আগামীতে খুব দ্রুতই এই অ্যালবামটি সিডি ও ইউটিউবে মুক্তি পাবে। গত ৫ আগস্ট সবগুলো গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। এই মিউজিক ভিডিওগুলো নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক।
ক্যাসেট ও সিডির যুগের সেই উন্মাদনা ও উচ্ছ্বাসকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা থেকে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ফাহমিদা নবী। তিনি বলেন, এখনকার সময়ে গান শুধু ইউটিউবে প্রকাশিত হয়, কিন্তু সিডি বা ক্যাসেটের যুগে গান প্রকাশের যে আনন্দ ছিল তা এখন অনুপস্থিত। সেই অনুভূতি থেকেই তিনি ডিজিটাল সিডিতে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে শ্রোতারা চাইলে গানগুলো সংগ্রহে রাখতে পারেন। নেপথ্যে থেকে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।