সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে জেগে ওঠা নতুন বাংলাদেশে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক হিসেবে চিরঅম্লান থাকবেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি বলেন, বেগম জিয়ার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যুগে যুগে নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন, স্বদেশি দানবের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ জেগে উঠেছে। এই মুক্তিকামী জনতার বহু আকাঙ্ক্ষিত বিজয়ের নামই জুলাই বিপ্লব, যা দেশকে অনুশোচনাহীন, অসভ্য ও বর্বর পলাতক ফ্যাসিস্টের খপ্পর থেকে রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খলমুক্ত করেছে। এ সময় তিনি ১ হাজার ৪০০ বীর জুলাই শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
আসিফ আরও উল্লেখ করেন, অনুভূতির প্রতিটি অনুরণনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাগুলো বারবার মনে পড়ে। স্বৈরাচারী ফ্যাসিস্টকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, 'ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।' দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার মতো এমন আপসহীন দৃঢ়তাই আজ জেন-জি প্রজন্মের অস্তিত্বে বিরাজ করছে।
বেগম জিয়ার আরেকটি উক্তি স্মরণ করে আসিফ লেখেন, 'দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার ঠিকানা।' তিনি এই মাটিতেই শায়িত হয়েছেন এবং তার জানাজায় সর্বস্তরের মানুষের আবেগ বিস্ফোরিত হয়েছিল। তিনি এক গর্বিত বিজয়ীর মতোই বিদায় নিয়েছেন।
পোস্টের শেষ অংশে আসিফ আকবর লিখেছেন, রাজনৈতিক বিভাজনের বাইরে বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হয়ে থাকবেন। দেশের তারুণ্য তার আপসহীনতাকে অন্তরে ধারণ করে এবং বাংলাদেশ আর কোনো দিন শৃঙ্খলে আবদ্ধ হবে না। বেগম জিয়ার কাছ থেকে শেখা ইস্পাত-কঠিন দেশপ্রেম কখনো ভোলার নয় উল্লেখ করে প্রিয় দেশনেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অবিরাম ভালোবাসা জানান এই সংগীতশিল্পী।