ইতালির রোমে ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকাগামী বিজি-৩০৬ (BG306) ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়েছে। এর ফলে দীর্ঘ সাত ঘণ্টা উড়োজাহাজের ভেতরেই আটকে থাকতে হয় ২৫৬ জন যাত্রীকে। পরবর্তীতে তাদের বিমান থেকে নামানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, উড়োজাহাজের প্রেসারাইজেশন সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় সেটিকে রানওয়েতে আটকে রাখা হয়। অবতরণের পর কারিগরি পরীক্ষার সময় এই সমস্যাটি শনাক্ত করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও ত্রুটি পুরোপুরি মেরামত করার আগে উড়োজাহাজটি আর উড্ডয়ন করতে পারবে না।
আটকে পড়া যাত্রীরা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় তাদের উড়োজাহাজের ভেতরেই বসে থাকতে হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তাদের নামিয়ে হোটেলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিদেশি বিমানবন্দরে বাংলাদেশ সরকারের একটি বিমান এমন সমস্যায় পড়ার পরও স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি বলে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া ভিসা সংক্রান্ত জটিলতার কারণে যাত্রীদের তাৎক্ষণিকভাবে হোটেলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তবে উড়োজাহাজের খাবার তাদের সরবরাহ করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রকৌশলী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সেখানে পৌঁছে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ সম্পন্ন করবেন। শুক্রবার (৮ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি পুরোপুরি দূর হওয়ার পর বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।
can একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ার কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের বিজি-৩০৫ (BG305) ফ্লাইটটিও বিলম্বিত হচ্ছে। এই ফ্লাইটের নতুন সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট দুপুর ১টা। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। যেকোনো তথ্যের জন্য বিমানের হটলাইন নম্বর ১৩৬৩৬-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া ঢাকা থেকে টরন্টোর উদ্দেশ্যে বিমানের আরেকটি ফ্লাইট রাত ২টা ২০ মিনিটের পরিবর্তে রাত ১টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে পুনর্ব্যক্ত করেছে।