গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে তাদের দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংগৃহীত গোপন তথ্যের ভিত্তিতে সারা দেশে বোমা হামলার আশঙ্কা করা হচ্ছে। এই ঝুঁকির প্রেক্ষিতে দেশের প্রতিটি জেলায় রাতের বেলা টহল জোরদার, মোবাইল ডিউটি পরিচালনা এবং চেকপোস্টগুলোতে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সন্দেহজনক ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে এই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিট প্রধানদেরও আলাদাভাবে ম্যাসেজের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে।