২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে র্যাবের টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত সংস্থার ভাষ্যমতে, শেখ হাসিনার সরাসরি নির্দেশেই তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। গুমের পর তাকে ভারতে পাচারের ঘটনায় কারা জড়িত ছিল, সে বিষয়েও বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরও জানান, সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মৌখিক জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে।
এদিকে, তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে গুম করে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সংগৃহীত এসব তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।