বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ১১ আগস্ট মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিবেদন প্রকাশের সময় গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৩ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮১ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ দশমিক ২০ ডলার।
এর আগে সোমবার তেলের দাম হঠাৎ করেই বড় ধরনের উত্থান দেখা দেয়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায়, যা ৩১ জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ।
মূলত ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে দেখা দেওয়া অনিশ্চয়তাই তেলের এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। শান্তি চুক্তির জন্য ইরানের দেওয়া শর্তের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের এই কঠোর অবস্থানের ফলে দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। এর ফলে যুদ্ধ অবসানের আশা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে সরবরাহ সংকট নিয়ে আশঙ্কা বাড়ছে।