হাতের জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার বাইপাস সংলগ্ন একটি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ও নার্সদের কাছ থেকে পাওয়া সেবায় সন্তুষ্টি প্রকাশ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
হাসপাতাল থেকে বের হওয়ার সময় মিঠুন বলেন, ‘তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যারা আমাকে সুস্থ করে তুললেন, তাদের অনেক ধন্যবাদ।’ তিনি আরও জানান, অস্ত্রোপচারের দিনই তিনি হাতের আঙুল দিয়ে কোনো কিছু ধরার সক্ষমতা ফিরে পাওয়ার অনুভূতি পেয়েছিলেন।
গত বৃহস্পতিবার মিঠুনের ডান হাতে অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারটি সফল হয়েছে। এর আগে একই হাতে, বিশেষ করে কনুইয়ের অংশে অভিনেতার অস্ত্রোপচার হয়েছিল। সেই পুরোনো অস্ত্রোপচারের সময় ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে যাওয়ায় জটিলতা তৈরি হয়েছিল এবং প্লেটের স্ক্রুগুলো নার্ভের ওপর চাপ সৃষ্টি করছিল।
হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, সমস্যাটি কেবল প্লেট খুলে ফেললেই সমাধান হওয়ার মতো ছিল না। আটকে যাওয়া নার্ভকে প্রথমে আলাদা করে মুক্ত করতে হয়েছে এবং পরে সেটিকে এমন অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে আর চাপ না পড়ে এবং হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসে। শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
মিঠুনের হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার সকালে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া শুক্রবার রাতে অভিনেতা দেবও তাকে দেখতে হাসপাতালে যান।