বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির মাত্র তিন সপ্তাহের ব্যবধানে বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক গড়েছে। হোমারের কালজয়ী মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি চলতি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্যের তকমা পাওয়ার পাশাপাশি নোলানের ক্যারিয়ারেও দীর্ঘ এক যুগ পর এক বিলিয়ন ডলারের মাইলফলক ফিরিয়ে এনেছে।
গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন পর্যন্ত উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে সিনেমাটির মোট আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
নোলানের ক্যারিয়ারে এই অর্জনটি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর তার আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। দীর্ঘ প্রায় ১৪ বছর পর আবারও এই উচ্চতায় পৌঁছাল তার কোনো কাজ। এর মাধ্যমে ‘দ্য ওডিসি’ বক্স অফিসে নোলানের পুরোনো সাফল্যের ধারাকে নতুন করে উজ্জ্বল করে তুলেছে।
বর্তমানে সিনেমাটি নোলানের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ওঠার লড়াইয়ে রয়েছে। এরই মধ্যে এটি ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। তবে বক্স অফিসে সিনেমাটির সাফল্যের সম্ভাবনা এখানেই শেষ নয়। বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র বাজার চীনে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট চীনের কয়েক হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা এর মোট আয়কে আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা ‘দ্য ওডিসি’। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’ সিনেমাগুলো।