পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে এক অদ্ভুত ও হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় তারকার বিয়ের মুহূর্তের সাক্ষী হতে ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। তবে শেষ পর্যন্ত জানা গেল, সেটি রোনালদোর বিয়েই ছিল না! ভুল তথ্যের ওপর ভিত্তি করে পুরোপুরি অচেনা এক দম্পতির বিয়েতে অনাহূত অতিথি হিসেবে হাজির হয়ে বোকা বনে গেছেন ভক্তরা।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, দীর্ঘদিনের বাগদত্তা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে নিজের শহর মাদেইরায় জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আল-নাসর তারকা রোনালদো। সিআর সেভেন নিজেই এমন ইঙ্গিত দিয়েছিলেন বলে শোনা যাচ্ছিল। এই গুঞ্জন আরও উসকে দেয় রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরোর একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট। তিনি মদেইরায় পৌঁছানোর একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন যে, তিনি একটি 'পার্টিতে' যোগ দিতে এসেছেন। এতে ভক্তরা ধরে নেন, পরিবারটি হয়তো রোনালদোর বিয়ের প্রস্তুতিতেই মেতেছে।
এই ধারণার ওপর ভিত্তি করে গত শনিবার (৮ আগস্ট) পর্তুগালের মদেইরা দ্বীপের ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালে একটি জমকালো বিয়ের আয়োজন দেখে হাজার হাজার ভক্ত সেখানে হাজির হন। জড়ো হওয়া ভক্তদের অনেকের গায়েই ছিল রোনালদোর আইকনিক ‘নাম্বার সেভেন’ জার্সি। হাতে ক্যামেরা ও স্মার্টফোন উঁচিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সিআর সেভেন ও জর্জিওনার এক ঝলক দেখার জন্য।
ভিড় এতটাই তীব্র আকার ধারণ করে যে, গির্জার মূল দরজা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, আসল বর-কনের আত্মীয়স্বজন ও অতিথিরাও গির্জায় প্রবেশ করতে হিমশিম খাচ্ছিলেন। তবে ভক্তদের এই ভুল ভাঙল যখন আসল কনে গির্জায় এসে পৌঁছালেন। তিনি জর্জিওনা রদ্রিগেজ নন, বরং নিকোল নামের এক নারী। আর ভেতরে তার জন্য অপেক্ষা করছিলেন বর ফাবিও।
এমন নজিরবিহীন ভিড় এবং বিভ্রান্তি সত্ত্বেও উপস্থিত অতিথিরা পুরো বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই উপভোগ করেছেন। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই অদ্ভুত ও মজার খবরটি ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে ৪১ বছর বয়সী রোনালদোরও। তিনি নিজেই নিজেকে ধরে রাখতে না পেরে ইনস্টাগ্রামে প্রকাশিত সংবাদের নিচে একগুচ্ছ হাসির ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানান।
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন ৩২ বছর বয়সী জর্জিওনা রদ্রিগেজ ও রোনালদো। ২০২৫ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের খবর প্রকাশ পায়। এই দম্পতির সংসারে বর্তমানে পাঁচ সন্তান রয়েছে।