চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার তিন দিনের মাথায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ জামিন আবেদন নাকচ করে দেন। সালমান শাহর পক্ষের আইনজীবী আবিদ হাসান জামিন আবেদন নাকচের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন জানান তার আইনজীবী এম ফরিদুল ইসলাম ও তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেখান যে, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি এই কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন। অন্যদিকে, আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের তীব্র বিরোধিতা করে বক্তব্য দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এর আগে, গত ৯ আগস্ট রোববার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সালমান শাহ হত্যা মামলার আসামি হওয়ায় তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর সিআইডি তাকে নিজেদের হেফাজতে নেয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে আসে। ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এই মামলার অন্য আসামিরা হলেন—সালমান শাহর স্ত্রী সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুল ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।