ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই প্রাপ্য সাফল্য অর্জন করেছে। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় নিয়ে তিনি বলেন, কখনো কখনো অধিকার ছিনিয়ে নিতে হয়, কারণ চাইলে তা পাওয়া যায় না। এটাই বাংলাদেশের ক্রিকেটের আসল কাহিনী। তারা অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে একটি পরিষ্কার বার্তা দিয়েছে যে, বাংলাদেশও এই মঞ্চের যোগ্য।
আকাশ চোপড়া বলেন, তোমরা আমাদের ২৩ বছরে একবারও আমন্ত্রণ জানাওনি। কিন্তু যখন আমাদের ডাকলে, তখন তোমাদেরই ঘরের মাঠে একদম ধুলোয় মিশিয়ে দিলাম। ২০০৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত অনেক টেস্ট ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া এমন একটি দেশ যারা টেস্ট ক্রিকেটকে খুব ভালোবাসে এবং দাবি করে যে তারাই এই ফরম্যাটটিকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তারা বাংলাদেশকে কখনোই আমন্ত্রণ জানায় না। শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশ আছে যাদের তারা আমন্ত্রণ জানাতে চায় না। একারণেই বাংলাদেশের এই জয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সাম্প্রতিক পেস বোলিংয়ের উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় এই ধারাভাষ্যকার। তিনি বলেন, বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে তারা এতদিন পেস বোলিংয়ে যে বিনিয়োগ করেছে, তার ফল এখন পাচ্ছে। বাংলাদেশ দলে এখন আর মাত্র একজন বা দুজন পেসার নেই, বরং পুরো একটি শক্তিশালী পেস বোলিং আক্রমণ তৈরি হয়েছে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম—তাদের কাছে এখন বিকল্পের কোনো অভাব নেই। মূলত মনোযোগ বৃদ্ধি এবং নিজেদের চিন্তা-ভাবনার পরিবর্তনের ফলেই বাংলাদেশ ক্রিকেটে এমন অভাবনীয় সাফল্য এসেছে।