ইউক্রেন এক রাতেই রাশিয়ার ওপর নজিরবিহীন এবং চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী, এই হামলায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে চালানো এই ব্যাপক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।
রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলের ওপর চালানো এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ড্রোন হামলা বলে অভিহিত করেছেন স্থানীয় গভর্নর। এই হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামেও আঘাত হেনেছে। মস্কোর কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত কোলোদিনো এলাকার ওই গুদামটিতে হামলার পর আগুন লেগে যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত এই ওয়াইল্ডবেরিজের লজিস্টিকস কেন্দ্রগুলোতে গত জুলাই মাস থেকেই একাধিকবার হামলা চালানো হয়েছে। ইউক্রেনের দাবি, রুশ সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম কেনাবেচায় ব্যবহৃত লজিস্টিকস কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে, যাতে রুশ বাহিনীর সরবরাহব্যবস্থা ব্যাহত করা যায়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলার কারণে ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিকস সেন্টারের মধ্যে সাতটিই অচল হয়ে পড়েছে।
এই হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে সেখানকার গভর্নর নিশ্চিত করেছেন। এছাড়া, ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে হামলা হলে এক নারী নিহত হন। মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।
অন্যদিকে, ইউক্রেনের ভেতরেও রাশিয়ার ধারাবাহিক হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার হয়েছে। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।