মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান এক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন। মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকার একটি হোটেলের ক্যাফেতে তার দুই স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি থেকে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে ওঠে যে, ক্যাফেতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই পুলিশকে খবর দেন।
এই অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনা সামাল দিতে গিয়ে হোসাম হাসান ব্যর্থ হন এবং এক পর্যায়ে তীব্র উত্তেজনার মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সংঘর্ষে দুই পক্ষই আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাদের শরীরে কালশিটে দাগ দেখা গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং মিশরের ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনেও এটি নিয়ে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হোসাম হাসান তার প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাউয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হোসামের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে হোয়াইদা আল-গারবাউয়ির সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটলো। এই দম্পতির আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে।
উল্লেখ্য যে, হোসাম ও হোয়াইদার সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। ২০২২ সালে তাদের মধ্যে একবার ১০ দিনের জন্য বিচ্ছেদ হয়েছিল, তবে পরে তারা আবারও সংসার শুরু করেন। অন্যদিকে, ২০১৫ সালে হোসাম হাসান দিনা মোস্তাফাকে বিয়ে করেন, যিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। উত্তর উপকূলের মারিনায় তাদের প্রথম পরিচয় হয়েছিল। বর্তমান পরিস্থিতির পর হোসাম ও হোয়াইদার সম্পর্ক স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।