র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নতুন ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই আইনের মাধ্যমে র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে এই নতুন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট আইনগত কাঠামো নির্ধারণ করার কথা জানানো হয়েছে। নতুন আইনে নাগরিকদের বিভিন্ন অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধানও যুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত আইনে র্যাবের বিদ্যমান জনবল, ক্ষমতা, আদেশ, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব এবং রেকর্ডসহ সংশ্লিষ্ট যাবতীয় সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালাগুলো প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে। আইনটি কার্যকর হওয়ার পর র্যাবের বর্তমান কাঠামো বিলুপ্ত হয়ে এর জনবল ও সম্পদ নতুন এসআরবি কাঠামোর অধীনে যাওয়ার পথ প্রশস্ত হবে।