ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। শোবিজ পাড়ায় শোনা যাচ্ছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরেছেন এই অভিনেত্রী। তবে এই সম্পর্কের সত্যতা বা গুঞ্জনের বিষয়ে পূজা চেরির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবন নিয়ে পূজা চেরি এর আগেও আলোচনার কেন্দ্রে ছিলেন। প্রায় দুই বছর আগে তার বাগদান সম্পন্ন হয়েছে বলে খবর ছড়িয়েছিল। সে সময় এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান। তবে সেই বাগদত্তার পরিচয় তখন প্রকাশ করেননি তিনি।
সম্প্রতি নিজের অভিনীত সিনেমার পোস্টারের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পূজা লিখেছেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’ তার এই রহস্যময় মন্তব্যের কারণে ভক্তদের মধ্যে নতুন সিনেমা কিংবা জীবনের নতুন কোনো অধ্যায় নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে ওই পোস্টে নিজের বিয়ে বা ব্যক্তিগত কোনো সম্পর্কের বিষয়ে সরাসরি কোনো ইঙ্গিত দেননি তিনি।
‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গিয়েছিল।