মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ে করার পর ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ইসলাম গ্রহণের খবরটি সঠিক নয়।
সম্প্রতি তুরস্কের গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেখানে দাবি করা হয়েছিল, ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত মুখ শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করে তিনি কালেমা পাঠ করেছেন।
এই গুজবটি আরও ডালপালা মেলে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর। ব্রাজিলের মুসলিম সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে দুই দিন আগে নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দেন শাহিন। সেখানে তিনি উল্লেখ করেন, সাও পাওলোর শেখ জিহাদ হামাদার সঙ্গে ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় তার দেখা হয়েছিল। শেখ তাকে জানিয়েছিলেন যে, কার্লোস দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং চার সপ্তাহ আগে তার কাছে গিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম বেছে নেন।
তবে এই সমস্ত দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন রবার্তো কার্লোস নিজেই। বুধবার সৌদি আরবের সংবাদমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’
যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কার্লোস। তিনি জানান, তাদের বিয়ের অনুষ্ঠান একাধিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল। কার্লোস বলেন, ‘আমরা আমাদের পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।’