বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে পাঁচজন পাইলটকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে পৃথক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
নতুন এই আদেশ অনুযায়ী, বিমানের লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং পদে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, ডেপুটি চিফ অব ট্রেনিং পদে কর্মরত সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডেপুটি চিফ অব টেকনিক্যাল আনিতা রহমানকে লাইন পাইলট হিসেবে পদায়ন করা হয়েছে।
অপর এক অফিস আদেশের মাধ্যমে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে, যাকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৯ আগস্ট জারি করা এসব অফিস আদেশে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে বিমানের পরিচালক, মহাব্যবস্থাপক, চিফ ও প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে এই বদলি ও পদায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।