পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশের প্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতের পর তাকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়া হয়।
এই স্থানান্তর প্রক্রিয়ার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সংবাদমাধ্যম দ্য ডন এর প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮০০ জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে, তোশাখানার উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এছাড়া ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলা, যা আল-কাদির ট্রাস্ট মামলা নামেও পরিচিত, সেই মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।