কবি মোহন রায়হানের ৭০তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’ আয়োজিত এই অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের মূল্যায়ন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নৃত্যনাট্য, গান, আবৃত্তি এবং কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এই বিশেষ আয়োজনের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি কবির দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘আমি কবি মোহন রায়হানের দীর্ঘায়ু কামনা করি। তার মতো কবি এ দেশের জন্য প্রয়োজন। তিনি আরও কবিতা লিখুন এবং দেশের সাহিত্যাঙ্গনে অবদান রাখুন—এই কামনা করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মোহন রায়হান ৭০ বছর উদযাপন পরিষদ’-এর আহ্বায়ক, বিশিষ্ট লেখক ও গবেষক ড. সলিমুল্লাহ খান। তিনি তার বক্তব্যে বলেন, ‘মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর সৃজন ও সংগ্রামের মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তার জীবনাদর্শ ও সাহিত্যকর্ম পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ, কবি মতিন বৈরাগী, বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ খান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘কবিরা না থাকলে এই পৃথিবী বাসযোগ্য হতো না। কবি মোহন রায়হান আমাদের সমাজ বিনির্মাণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।’
একঝাঁক তরুণ সংগীতশিল্পীর পরিবেশিত উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এই জন্মোৎসবের সূচনা ঘটে। এরপর কবি মোহন রায়হানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শন করা হয়। একই সঙ্গে কবির জন্মজয়ন্তী উপলক্ষে একটি সংবর্ধনা গ্রন্থ এবং তাঁর ‘নির্বাচিত ১০০ কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।