মালয়েশিয়া ও চীন সফরের ধারাবাহিকতায় এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। নিউইয়র্ক সফরের পর তার সানফ্রান্সিসকো যাওয়ারও পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য নয় দিনের সফরকে ঘিরে এখন জোর প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এটিই প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তারেক রহমান। মূল অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনেও তার অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছরের এই অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার এই দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে জানিয়েছেন যে, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটি মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে।