বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সৌদি বার্তা সংস্থা (এসপিএ) সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পৃথক অভিনন্দন বার্তায় সৌদি শীর্ষ নেতৃত্ব নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত সফলতা কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেছেন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হিসেবে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। পরবর্তী ধাপে ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং ২৩ আগস্ট রাষ্ট্রীয় প্রটোকল মেনে রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করেন।
এদিকে সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাৎকালে তিনি সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের পাঠানো অভিনন্দন বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন। এর জবাবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং তাঁর মাধ্যমে সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।