সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত হতে যাওয়া প্রস্তাবিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকার বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এতে আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশ এটাকে স্বীকৃতি দেয় এবং এ বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে।’
মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্য বা ইসলামি দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু নয়।
এ সময় নিজের দ্বৈত নাগরিকত্ব বা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বিভিন্ন মহলে চলা সমালোচনা প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি নিজেকে একজন গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে অভিহিত করেন। হুমায়ুন কবির আরও বলেন, যারা এই বিষয় নিয়ে সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।