বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’-এ বেশ কয়েক মাস ধরেই সংস্কারকাজ চলছে। এই সংস্কারের কারণে বর্তমানে শাহরুখ ও তার পরিবার— স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খান— বান্দ্রার পালি হিল এলাকায় প্রযোজক বাসু ভগনানির মালিকানাধীন ‘পূজা কাসা’য় একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে ভাড়া থাকছেন।
শাহরুখের এই সম্পত্তির সংস্কারের বিষয়টি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রযোজক আনন্দ পণ্ডিত। আনন্দ পণ্ডিতের সংস্থা ‘শ্রী লোটাস ডেভেলপার্স অ্যান্ড রিয়েলটি’ ২০০০ সালের শুরুর দিকে যাত্রা শুরু করে। বলিউডের অন্দরমহলে তার কাজের পরিধি ব্যাপক, এমনকি ইন্ডাস্ট্রির প্রায় ৮০-৯০ শতাংশ তারকার সঙ্গেই তার সংস্থা কাজ করে থাকে। আনন্দ জানান, বর্তমানে শাহরুখের দুটি বিলাসবহুল সম্পত্তির কাজের দায়িত্বে রয়েছে তার প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথমটি হলো মান্নাত, যেখানে তিনি জানান, ‘মান্নাতের পেছনের দিকে বেশ কয়েকটি তলা তৈরি করছি।’
মান্নাত ছাড়াও শাহরুখের আরও একটি সম্পত্তির পুনর্নির্মাণের কাজ করছেন আনন্দ পণ্ডিত। এটিই মূলত শাহরুখ ও গৌরীর কেনা মুম্বাইয়ে তাদের প্রথম ফ্ল্যাট। এই প্রজেক্টের কাজ শুরুর আগে বাড়িটির সঙ্গে অভিনেতার আবেগের সম্পর্কের বিষয়টি জানতেন না আনন্দ। তিনি জানান, শাহরুখ আগে একবার এই ঘটনার কথা বললেও বহুতল ভবনটির নাম উল্লেখ করেননি। পরবর্তীতে বান্দ্রার কার্টার রোডে কিছু বহুতল পুনর্নির্মাণের বিষয়ে কথা বলার সময় শাহরুখ ‘শ্রী অমৃত সোসাইটি’র নাম উল্লেখ করলে বিষয়টি সামনে আসে।
আনন্দ পণ্ডিতের ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি বলিউড তারকাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন। তার প্রথম প্রজেক্টে হৃতিক রোশন দুটি তলা, রাকেশ রোশন তিনটি তলা এবং অজয় দেবগন একটি তলা কিনেছিলেন। সেই সময়ের জনপ্রিয় ওই প্রজেক্টের মাধ্যমেই তার ব্যবসার প্রসার ঘটে এবং বলিউডের তারকাদের সঙ্গে তার দীর্ঘস্থায়ী কাজের সম্পর্ক গড়ে ওঠে।