দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েন নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনরা। স্বাগতিকদের বিপক্ষে এমন চরম ভরাডুবির পর বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম ম্যাচের ব্যর্থতার জেরে দ্বিতীয় চার দিনের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার। স্কোয়াড থেকে বাদ পড়া ক্রিকেটাররা হলেন— শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।
আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি। এই ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।
চার দিনের ম্যাচ শেষ হওয়ার পর দুই দল তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর। এই ম্যাচগুলোর ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুম।