লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং স্থানীয়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে সীমান্ত এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন এবং স্থানীয় কৃষকদের মারধর শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের বাদানুবাদ হয়, যা পরবর্তীতে ধস্তাধস্তিতে রূপ নেয়। এক পর্যায়ে সীমান্তে বাংলাদেশিদের উপস্থিতি বাড়তে থাকলে বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে থাকা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান।
ঘটনার খবর পাওয়ার পরপরই লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে পৌঁছান। বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকিগুলো উদ্ধার করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বর্তমানে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “ভারতীয় বিএসএফের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”