ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে তাকে এই পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
একই দিনে সরকার অন্য এক আদেশে ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর পরিবর্তে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মো. বেলাল হোসেনকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের ক্ষেত্রে তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত থাকবে। এছাড়া তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে। গ্রেড-১-এর এই প্রধান প্রকৌশলী পদের নিয়োগের বিস্তারিত শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।