বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স ইন্ডিয়া বিজয়ী উর্বশী রাউতেলা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালনের সময় তার পরিহিত বিশেষ পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানের মঞ্চে উর্বশীকে ভারতের জাতীয় পতাকার রঙ ও প্রতীকের আদলে তৈরি একটি পোশাকে দেখা যায়। পোশাকটিতে গেরুয়া, সাদা ও সবুজ রঙের সংমিশ্রণের পাশাপাশি মাঝখানে নীল রঙের অশোকচক্রের নকশা ছিল।
পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিনেত্রী সোনালি ঝালর, বড় হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি ব্যবহার করে নিজের সাজ সম্পন্ন করেছিলেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমালোচকদের একাংশ মনে করছেন, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে জনসমক্ষে তা পরা জাতীয় প্রতীকের প্রতি অসম্মানের শামিল। তবে উর্বশীর সমর্থনেও অনেকে এগিয়ে এসেছেন। তাদের মতে, এই পোশাকের মাধ্যমে অভিনেত্রী আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিতে চেয়েছেন।
বিতর্কের মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন উর্বশী। তিনি জানিয়েছেন, আগে থেকেই তিনি নিজেকে ‘আমিই ভারত’ হিসেবে উপস্থাপন করে আসছেন, তাই সেই দিন নিজেকে ভারতবর্ষের প্রতিচ্ছবি হিসেবেই মনে হয়েছে। তার দাবি, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত। এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া আয়োজনটি উর্বশীর জন্য ব্যক্তিগতভাবেও বেশ গুরুত্বপূর্ণ ছিল। ২০১৫ সালে তিনি নিজেই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন, যা তাকে পরিয়ে দিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এবারের আসরে সুস্মিতা সেন নির্বাচন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এবং মঞ্চে উর্বশী তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।