ইসরাইলের পক্ষ থেকে কালান্দিয়া প্রশিক্ষণকেন্দ্র দখলের ঘটনা ঘটলেও ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিজেদের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটির প্রধান ক্রিশ্চিয়ান সন্ডার্স আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, তারা ফিলিস্তিনে তাদের কার্যক্রম বন্ধ করার কোনো পরিকল্পনা করছেন না।
প্রশিক্ষণকেন্দ্রটি দখল প্রসঙ্গে ইসরাইলি কর্তৃপক্ষের দাবির জবাব দিতে গিয়ে সন্ডার্স জানান, কালান্দিয়া কেন্দ্রটি জাতিসংঘের একটি স্থাপনা এবং আন্তর্জাতিক আইনের আওতায় এটি সংরক্ষিত। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, জায়গাটি ইহুদি ন্যাশনাল ফান্ডের মালিকানাধীন এবং এটি জেরুজালেম পৌরসভাকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া ২০২৪ সালের অক্টোবরে পাস হওয়া একটি আইনের মাধ্যমে তারা ইউএনআরডব্লিউএর কার্যক্রম সীমিত করার চেষ্টা চালাচ্ছে। সন্ডার্স এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।
সন্ডার্স আরও বলেন, ইউএনআরডব্লিউএর দায়িত্ব সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা অর্পিত। ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শরণার্থীদের মানবিক সহায়তা এবং উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়া তাদের মূল লক্ষ্য। সাধারণ পরিষদ থেকে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তারা ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ সেবা প্রদান অব্যাহত রাখবেন বলে তিনি অঙ্গীকার করেছেন।
ইসরাইলি বাহিনীর অভিযানের পর নিজেদের কর্মী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইউএনআরডব্লিউএ নিয়মিত ঝুঁকি মূল্যায়ন ও প্রশিক্ষণের মতো পদক্ষেপ নিচ্ছে। তবে জাতিসংঘের স্থাপনায় ইসরাইলের বলপ্রয়োগের কঠোর সমালোচনা করেছেন সন্ডার্স। তিনি বলেন, এ ধরনের পথ বেছে নেওয়া ঠিক হয়নি এবং সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। তিনি ইসরাইলি ও ফিলিস্তিনিদের মুখোমুখি বসে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।