নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ আবারও নতুন ব্যস্ততা নিয়ে বড়পর্দায় ফিরছেন। নির্মাতা এম ডি ইকবালের ‘গুলশানের চামেলী’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার ইতিমধ্যেই বাপ্পারাজের চুক্তিবদ্ধ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
এই সিনেমায় বাপ্পারাজের সঙ্গে বড়পর্দায় জুটি বাঁধবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলাদেশ ও ভারতের একঝাঁক তারকা অভিনয়শিল্পীর সমন্বয়ে সাজানো হয়েছে সিনেমাটির কাস্ট। বাংলাদেশ থেকে আরও অভিনয় করবেন আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনা ও আশীষ খন্দকারসহ অনেকে। চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বাপ্পারাজের চরিত্রটি কী ধরনের হবে, সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি নির্মাতা এম ডি ইকবাল। তিনি বলেন, চরিত্রটি নিয়ে এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। তবে গল্প এবং চরিত্র দুটোই বাপ্পারাজের পছন্দ হয়েছে এবং তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ ও দক্ষ শিল্পী আমাদের সিনেমায় যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। বাপ্পারাজের দীর্ঘদিনের অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন পরিচালক।
বর্তমানে সিনেমাটির শুটিং শুরুর জোর প্রস্তুতি চলছে। প্রি-প্রোডাকশনের অংশ হিসেবে শিল্পীদের সঙ্গে আলোচনা ও লোকেশন নির্বাচনসহ অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন বড়পর্দায় নিয়মিত না থাকলেও চলচ্চিত্রের নানা কর্মকাণ্ডে সবসময় সম্পৃক্ত ছিলেন বাপ্পারাজ। এবার নতুন এই সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় নিজের অভিনয়শৈলী নিয়ে হাজির হচ্ছেন তিনি।