ইরানের সঙ্গে নতুন করে সৃষ্ট উত্তেজনার আবহে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত ভালো’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতিদিন রাতে গড়ে প্রায় ৩০টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ দিয়ে নিরাপদে চলাচল করছে।
ট্রাম্পের ভাষ্যমতে, হরমুজ প্রণালি বর্তমানে অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং এর নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। তিনি জানান, গত রাতেও বিপুল সংখ্যক জাহাজ এই পথ ব্যবহার করেছে। এই রুটটি সচল থাকায় বিশ্ববাজারে প্রচুর তেল সরবরাহ নিশ্চিত হচ্ছে, যার ফলে তেলের দাম প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি বাড়েনি বলেও তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে ইরানের অর্থনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করে দাবি করেন, সেখানে মূল্যস্ফীতি ৩৫০ শতাংশে পৌঁছেছে, কার্যকর মুদ্রাব্যবস্থা ভেঙে পড়েছে এবং দেশটির সেনাদের বেতন প্রদানেও বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের নৌ ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, দেশটির শীর্ষ নেতাদের একটি বড় অংশ নিহত হয়েছেন এবং নজরদারি ব্যবস্থাও প্রায় অচল হয়ে পড়েছে। তবে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ট্রাম্প বলেন, এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানকে আঘাত করবে না। এ সময় ইরানের বর্তমান নেতৃত্ব নিয়েও তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।