টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বেশ কিছুদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন। গত বছর মুক্তি পেয়েছিল তার অভিনীত বাংলা সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। তবে এবার শোনা যাচ্ছে, বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে নতুন কোনো প্রজেক্টে জুটি বাঁধতে পারেন এই অভিনেত্রী। অক্ষয়ের আসন্ন সিনেমা ‘শামুক’-এ রুক্মিণীকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, নির্মাতাদের পছন্দের তালিকায় ওপরের দিকেই রয়েছেন রুক্মিণী। সিনেমাটিতে তার চরিত্রটি বেশ গুরুত্ববহ। তবে এখনো অভিনেত্রীর সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। বর্তমানে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে।
সায়েন্স ফিকশন, অ্যাকশন এবং সারভাইভাল—এই তিন ধরনের উপাদানের সংমিশ্রণে নির্মিত হচ্ছে সিনেমাটি। ছবির কাস্টিং নিয়ে ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীকে প্রয়োজন ছিল, যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি নজর কাড়ে। সেই কারণেই রুক্মিণীর নাম আলোচনায় এসেছে। তবে তার অভিনয় করার বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায়, বড় পর্দায় অক্ষয়-রুক্মিণীর নতুন জুটি দেখা যাবে কি না, তা নিশ্চিত নয়।
‘শামুক’ সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এই ছবির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রুক্মিণী মৈত্রের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্প’ ছিল তার প্রথম বাংলা সিনেমা। এছাড়া ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এটিই তার প্রথম হিন্দি ছবি নয়; এর আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে তাকে দেখা গিয়েছিল। এখন অক্ষয়ের সঙ্গে এই জুটি বাঁধার জল্পনা সত্যি হলে, তার ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট যুক্ত হবে।