বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে আয়োজিত বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় সড়কে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত সব নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে মূল আলোচনা সভা শুরু হয়। সভায় জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ দলের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নির্ধারিত আলোচনা পর্বের আগে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।