অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে টাইগার পেসার তাসকিন আহমেদ এই সফরের পর ছুটি কাটানোর জন্য অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে অবসর সময় উপভোগ করছেন। এই ছুটির অবসরে তাসকিন দেখা করেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। বর্তমানে নিউ সাউথ ওয়েলসে কোচিংয়ের সঙ্গে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তাসকিন।
এর একদিন পর শনিবার তাসকিন আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে বাংলাদেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে দেখা যায়। বর্তমানে শাবনূর তার পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন জানান, তাদের সেই সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে।