ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে একটি মার্কিন জলযানে হামলার দাবি করেছে। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানি বাহিনীর ভাষ্যমতে জলযানটি হরমুজ প্রণালির একটি ‘সুরক্ষিত এলাকায়’ প্রবেশের চেষ্টা করছিল।
আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌবাহিনী একটি দূরনিয়ন্ত্রিত মার্কিন ড্রোন বোটকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে এই হামলায় ড্রোন বোটটি ধ্বংস হয়েছে কি না বা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইরানি বাহিনী।
বিবৃতিতে হরমুজ প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণাধীন ‘কৌশলগত জলপথ’ হিসেবে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনীর প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, তাদের এই অঞ্চল ত্যাগ করতে হবে এবং সব ধরনের ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ পরিত্যাগ করতে হবে। ইরানের নিয়ন্ত্রিত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশের জবাব কঠোরভাবে দেওয়া হবে বলেও আইআরজিসি সতর্ক করেছে।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হলো হরমুজ প্রণালি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই জলপথটির ভূমিকা অপরিসীম। ফলে সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক নৌ-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে আইআরজিসির এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।