জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রীর জীবনযাপনের খরচ নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে দুপুরের খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী-বিধির ৬৮ বিধির আলোচনায় এই ঘটনা ঘটে।
আলোচনার এক পর্যায়ে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “আমরা উৎসাহিত হই, যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০ থেকে ১৫০ টাকা। খুব ভালো লাগে। কারণ এত কম টাকায় আমিও খাইতে পারি না। একদম প্লেনলি বলতেছি। আমার বোধহয় আর একটু বেশি খরচ হয়।” এ সময় সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাতের ইশারায় তাকে খাবারের আমন্ত্রণ জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই বিরোধীদলীয় নেতাকে খাওয়ার কথা বলেন এবং প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন।
জবাবে শফিকুর রহমান বলেন, “হ্যাঁ, খাওয়ায় দিবেন? অনেক ধন্যবাদ। আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খাইতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরেও ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য।”
প্রধানমন্ত্রী সাদামাটা জীবনযাপন করেন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা তার প্রশংসা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাদামাটা জীবনযাপন করেন; জাঁকজমকপূর্ণ পোশাক বা জীবনযাপন করেন না এবং সাধারণভাবে চলেন।” তবে যারা প্রধানমন্ত্রীকে নিজেদের ‘আইকন’ হিসেবে তুলে ধরেন, তাদের আচরণের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “তিনি যদি এই সমস্ত মানুষের আইকন হয়ে থাকেন, তাহলে তাকে তো ফলো করা উচিত। সকল ক্ষেত্রে ফলো করা উচিত। তখন সেটা তো আমরা দেখি না। আমরা জাস্ট তার রিভার্সটাই দেখি।”
একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে প্রধানমন্ত্রী ভুলের ঊর্ধ্বে নন এবং তার সব কথায় ‘হ্যাঁ’ বলার প্রয়োজন নেই। এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।