ফ্রান্স প্রবাসী কণ্ঠশিল্পী জয়া বর্মণের প্রথম মৌলিক গান ‘মনঘুড়ি’ শ্রোতাদের মাঝে উন্মোচিত হয়েছে। রোমান্টিক ঘরানার এই আধুনিক বাংলা গানটিতে জয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সমরজিৎ রায়। গত ৫ সেপ্টেম্বর গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে।
গানটি প্রকাশ করা হয়েছে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিশ্বখ্যাত অনলাইন মিউজিক প্ল্যাটফর্ম অ্যাপেল মিউজিক ও স্পোটিফাইসহ বিভিন্ন মাধ্যমে। ‘মনঘুড়ি’ গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়, আর সুর ও সংগীতায়োজনের দায়িত্ব পালন করেছেন সমরজিৎ রায় নিজেই। ইতিমধ্যে গানটির একটি চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয়া বর্মণ। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয়দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’
অন্যদিকে সংগীতশিল্পী সমরজিৎ রায় বলেন, ‘ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’
উল্লেখ্য, বাংলা লোকসংগীতের প্রতি বিশেষ অনুরাগের কারণে জয়া বর্মণ সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে এসে নতুন গান ও মিউজিক ভিডিওর রেকর্ডিংয়ের কাজ শেষ করার পাশাপাশি বেশ কয়েকটি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেছেন। এর মধ্যে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনের ‘দিন প্রতিদিন’ এবং চ্যানেল ওয়ানের ‘বিনোদন আড্ডা’ অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।